২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘বলয়’: রাজনীতি, ধর্ম ও যুক্তির গল্প নিয়ে আসছে মঞ্চে

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭ টায় দেখা যাবে নাটকটি।

‘বলয়’: রাজনীতি, ধর্ম ও যুক্তির গল্প নিয়ে আসছে মঞ্চে
‘বলয়’ নাটকের পোস্টার। ছবি: থিয়েটার আর্ট ইউনিটের দলের সৌজন্যে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 12:52 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

রাজনীতিক, বিজ্ঞানচিন্তক ও ধর্মতাত্ত্বিক-এই তিন বলয়ের তিনজন মানুষ ঘুরপাক খাচ্ছেন অন্তর্দ্বন্দ্বে। যা থেকে থেকে মুক্তির পথ খুঁজতে মনোবিদের শরণাপন্ন হন তারা। তাদের মুক্তি মিলেছিল কী না, সেই গল্প বলবে মঞ্চনাটক ‘বলয়’।

নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের এই প্রযোজনাটি আসছে ঢাকার মঞ্চে।

'বলয়' বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭ টায়।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ।

থিয়েটার আর্ট ইউনিটের দলের প্রধান সমন্বয়ক ও অভিনেতা কামরুজ্জামান মিল্লাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার নাটকটির প্রথম প্রদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে দর্শক সারিতে থাকবেন অভিনেতা আবুল হায়াত ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

‘বলয়’ নাটকের দৃশ্য। ছবি: থিয়েটার আর্ট ইউনিটের দলের সৌজন্যে

‘বলয়’ নাটকের দৃশ্য

'বলয়' নাটকে উঠে এসেছে মানুষের জীবনের নানা পরিসরে রাজনীতি, সমাজ, ধর্ম, ক্ষমতা, যুক্তি ও অযুক্তির বলয়ে আটকে থাকা মানুষের আত্মবিশ্লেষণ। 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেজাউল আমিন, স্বাধীন শাহ, নাহিদ সুলতানা, সেলিম মাহাবুব, বাশরী অনন্যা, রানা সিকদারসহ অনেকে।