Published : 23 Jun 2026, 11:15 AM
সংগীতশিল্পী শিল্পী ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে শোনা যাচ্ছে ‘মন বোঝে না’ শিরোনামের নতুন একটি গান।
গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। প্রযোজনা সংস্থা ‘গান জানালার' অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।
গীতিকবি গোলাম মোর্শেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শহীদ মাহমুদ।
নতুন এই গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেরদৌস ওয়াহিদ বলেন, "প্রথমেই বলব বেশ ভালো একটি কাজ হয়েছে এটি। হবারই কথা, কারণ এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ। তার লেখা গান আমার খুব পছন্দের। এছাড়া আমার সহশিল্পী সাঈদা শম্পাও গানটি ভালো গেয়েছেন। সবমিলিয়ে শ্রোতাদের মনে ছুঁয়ে যাওয়ার মত একটি গান ‘মন বোঝে না’। আশা করছি সবার ভালো লাগবে গানটি।"
ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গাইতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সাঈদা শম্পাও।
তার ভাষ্য, "আমার প্রথম আনন্দের বিষয় হচ্ছে, গানটিতে আমার সাথে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। উনার সাথে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার আনন্দই আলাদা রকমের। ‘মন বোঝে না’ গানটি ওনার সাথে গাওয়া আমার দ্বিতীয় গান।"
শম্পা আরও বলেন, "প্রথম গানটির মত এই গানের বেলাতেও আমার মনে হয়েছে, আমি যেন ওনার সঙ্গে বহু বছর ধরে গান করছি। এমনই আন্তরিকতার সাথে উনি নিজেকে সম্পৃক্ত রাখেন, ভয়েস নেওয়া এবং শুটিং করার সময়। আর গোলাম মোর্শেদ ভাইয়ের অনবদ্য লিরিকে মিষ্টি রোমান্টিক সুর এবং সংগীত সাজিয়েছেন শহীদ মাহমুদ। গানটি করার সময় আমি যেভাবে উপভোগ করেছি, আশা করছি শ্রোতারাও সেরকম ভাবেই উপভোগ করবেন।"
গানটির সৃষ্টি ও পেছনের গল্প নিয়ে কথা বলেছেন গীতিকবি মোর্শেদ বলেন, "ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের। আর তার গায়কী নিয়ে আমি কি বলব! উনার তুলনা উনি নিজেই। এই প্রাণবন্ত গানটি সবার মনে পৌঁছে যাবে বলে আশা করছি।"
গানটির ভিডিও চিত্র যৌথভাবে পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন খুশী ও রাহাত।