Published : 20 Jun 2025, 07:27 PM
চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কারের’ জন্য সেরা অভিনেতাসহ বিভিন্ন শাখায় চারবার নাম এসেছে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের। কিন্তু অস্কারের সোনালি ট্রফি অধরাই রয়ে গেছে এই অভিনেতার। অবশেষে এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রশিল্প অসাধারণ অবদান রাখায় ক্রুজকে দেওয়া হবে ‘সম্মানসূচক অস্কার’।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অস্কারের ‘গভর্নরস অ্যাওয়ার্ডসে’ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন টম ক্রুজ।
ভ্যারাইটি লিখেছে ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি হবে আগামী ১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে। তবে এই অনুষ্ঠানটি টেলিশনের প্রচার করা হয় না।
একই অনুষ্ঠানে অস্কার সম্মানে সম্মানিত হচ্ছেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং অভিনেত্রী ও কোরিওগ্রাফার ডেবি অ্যালেন। আর ডলি পার্টন পাচ্ছেন জিন হারশল্ট মানবিকতা পুরস্কার।
বিবৃতিতে অ্যাকাডেমি প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, “চলতি বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে চার কিংবদন্তি শিল্পীকে সম্মান জানানো হবে, চলচ্চিত্রে যারা গভীর ছাপ রেখেছেন তাদের কাজে মধ্য দিয়ে।”
তিনি বলেছেস. এই সম্মান তাদেরই দেওয়া হয়, যারা সারা জীবন সিনেমাজগতে অসাধারণ অবদান রেখেছেন বা চলচ্চিত্র নির্মাণের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছেন।
এই চারজনকে ‘প্রতিভাবান শিল্পী’ বর্ণনা করে ইয়াং বলেছেন, তাদেরকে সম্মানিত করার সুযোগ হাতে আসায় অ্যাকাডেমিও সম্মানিত।
ইয়াং বলেন, “টম ক্রুজ আমাদের চলচ্চিত্রশিল্প, প্রেক্ষাগৃহ এবং স্টান্টশিল্পীদের অনুপ্রাণিত করেছেন।”

অভিনেত্রী ও কোরিওগ্রাফার ডেবি অ্যালেন সম্পর্কে ইয়াংকে বলেছেন, তিনি এমন একজন কোরিওগ্রাফার ও অভিনেত্রী, যার কাজ প্রজন্ম থেকে প্রজন্মে মুগ্ধতা ছড়িয়েছে।
মানবিক কাজে ডলি পার্টনের নিবেদন তাকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কারের যোগ্য করে তুলেছে।
আর শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার মাধ্যমে বহু সিনেমাকে স্মরণীয় করে তুলেছেন আর উইন থমাস বলে মন্তব্য করেছেন ইয়াং।
সিনেমায় হাড় হিম করা সব স্টান্ট দৃশ্যে নিজেই অভিনয় করে সাড়া তোলা ক্রুজের অস্কারের মনোনয়নের তালিকায় নাম উঠেছে চারবার।
প্রথমবার ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবের মনোনয়ন তালিকায় নাম আসে ক্রুজের।
এরপর ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে এবং এরপর দীর্ঘবিরতি দিয়ে ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রযোজক হিসেবে মনোনয়ন পান ক্রুজ।
এই অভিনেতার সর্বশেষ সিনেমা ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ মুক্তি পেয়েছে মে মাসে।
এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। 'ফাইনাল রেকনিং’ এই সিরিজের অষ্টম সিনেমা। আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।
‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ সিনেমাটির প্রিমিয়ার হয়েছে এবারের কান চলচ্চিত্র উৎসবে।