১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে বাপ্পা মজুমদার

শনিবার রাত ১২ টায় প্রচার হবে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানটি।

‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে বাপ্পা মজুমদার
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 03:28 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

নব্বই দশকের শিল্পীদের গান ও গল্প নিয়ে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের যে গানের অনুষ্ঠান শুরু হয়েছে, সেটির দ্বিতীয় পর্বে থাকছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি।  

গানের ভুবনে তিন দশকের বেশি সময় ধরে বিচরণ করছেন বাপ্পা, তিনি একজন গীতিকারও। 

প্রয়াত গায়ক সঞ্জীব চৌধুরীর সঙ্গে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘দলছুট’ ব্যান্ড দিয়ে সামনে আসেন বাপ্পা। 

অনুষ্ঠানে শুরুর দিনের স্মৃতি রোমন্থন করেছেন বাপ্পা। 

গানে গল্পে তিনি জানিয়েছেন, আজিজ সুপার মার্কেটের আড্ডায় সঞ্জীব চৌধুরীর সঙ্গে গানের ভাবনাগুলো ভাগ করে নেওয়া, একেকটা গান তৈরিতে রাত ভোর হয়ে যাওয়া, গানের লিরিক ও সুর নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ, প্রথম রেকর্ডিংয়ের উত্তেজনা, কনসার্টের নানারকম অভিজ্ঞতাসহ নানা কথা।  

রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির। 

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে। 

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার

একক গান ও ‘দলছুট’ ব্যান্ড নিয়ে কাজ করে যাচ্ছেন বাপ্পা। প্রকাশের অপেক্ষায় আছে এই শিল্পীর গান ‘আগামীকাল’। 

গত মে মাসে প্রকাশ পেয়েছে বাপ্পা মজুমদারের আরেকটি গান ‘মাগুরার ফুল’। প্রতিবাদী এই গানটির কথা তৈরি করা হয়েছে একটি শিশুকে ঘিরে।

এর আগে গত বছরের এপ্রিলে প্রকাশ্যে আসে দলছুট ব্যান্ডের ‘সঞ্জীব’ অ্যালবাম। গানের এ ব্যান্ড যার হাত ধরে গড়ে ওঠা, সেই প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে অ্যালবামের নাম রাখা হয়েছে।

‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানগুলো রয়েছে ‘সঞ্জীব’ অ্যালবামে।