২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাকিবের ‘দরদ’ আসছে সেপ্টেম্বরেই

নির্মাতা অনন্য মামুন বলেন, "এখন পর্যন্ত সেপ্টেম্বরে সিনেমাটির মুক্তি নিয়ে আমরা আশাবাদী। বিভিন্ন দেশে সেন্সর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।"

শাকিবের ‘দরদ’ আসছে সেপ্টেম্বরেই
‘দরদ’ সিনেমার পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 09:08 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় গত এক মাস ধরে নতুন কোনো বাংলা সিনেমা মুক্তি পায়নি। তবে আগের ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি। 

আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার। 

এখনো সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন জানিয়ে অনন্য মামুন গ্লিটজকে বলেন, "এখন পর্যন্ত সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি নিয়েই আমরা আশাবাদী। বিভিন্ন দেশে সেন্সর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেহেতু দেশের পরিস্থিতি কিছুটা ঠিক হচ্ছে, তাই মুক্তি পেছানো নিয়ে এখনো ভাবিনি।" 

তবে দুশ্চিন্তা এড়াতে পারছেন না জানিয়ে এই নির্মাতা বলেন, “মুক্তি নিয়ে একটা চিন্তা তো কাজ করছেই। যেহেতু দেশ সংস্কারের কাজ চলছে। এত বড় একটা বিষয় মাথায় রেখেই কাজ এগোচ্ছে। বাংলাদেশে প্রায় সব ধরনের কনটেন্ট মুক্তি বন্ধ। মানুষের মধ্যে এখনো অস্থিরতা কাজ করছে।"

সিনেমার একটি দৃশ্যের নির্দেশনা দিচ্ছেন নির্মাতা অনন্য মামুন 

সিনেমার একটি দৃশ্যের নির্দেশনা দিচ্ছেন নির্মাতা অনন্য মামুন

মামুন বলেন, “'দরদ' সিনেমার জন্য তো সবাই অপেক্ষায়। আমি কলকাতায় আছি, দেশে ফিরে সিনেমার প্রচারে যাব। তারপরও যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে সবার সঙ্গে আলোচনা করে মুক্তির বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে সেপ্টেম্বরে মুক্তির বিষয়ে আমরা এখনো স্থির।" 

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘দরদ’ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধাঁচের। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান।

সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।

কোরবানির ঈদে ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ পায়। সেখানে শাকিবের দেখা মেলে দুই রূপে। দেড় মিনিটের ওই টিজারে শাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ। কখনো আবার খুনে রূপে হাজির হয়েছেন।

বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।