Published : 17 Mar 2026, 06:36 PM
প্রেমের গল্পে বানানো হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’।
যা প্রচারে আসবে এই ঈদে। এর মধ্য দিয়ে প্রথমবার জুটি হয়েছেন জিয়াউল রোশান ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
‘প্রেমের গল্প’ পরিচালনা করেছেন মাহিন আওলাদ। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে সুনামগঞ্জের মনোরম নীলাদ্রি লেক ও তাহিরপুরের বিভিন্ন লোকেশনে।
মিউজিক্যাল ফিল্মটি নিয়ে জিয়াউল রোশান বলেন, "প্রেমের গল্প গানটি যখন শুনলাম খুব ভালো লেগেছে। পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাইয়ের কাছে ভিডিওর পরিকল্পনা শোনার পর মনে হল আমার করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার। চরিত্রটির জন্য নিজের লুক অনেকটাই চেঞ্জ করেছি। আশা করছি, দর্শকেরা আমাকে নতুনভাবে চিনবে।"
চমক বলেন, "গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও বানানো হয়েছে। আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। পুরো টিম কাজটির জন্য অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।"
নির্মাতা আওলাদ জানিয়েছেন, ঈদের দিন সন্ধ্যায় সান প্রোডাকশন হাউস ইউটিউব চ্যানেলে প্রচার হবে মিউজিক্যাল ফিল্ম 'প্রেমের গল্প'।