পপি অভিনীত শেষ সিনেমা আসছে বড়পর্দায়
১৭ অক্টোবর দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
দৃশ্যধারণের ছয় বছর পর প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’।
২০২১ সালে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল এর মুক্তি; এবার সেটিই প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৭ অক্টোবর।
সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী গ্লিটজকে বলেন, “২০১৯ সালের শেষের দিকে শুটিং শুরু করে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে দুই বছর সময় লেগে যায়।
“এরপর বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু কোভিড মহামারী, ঈদের সময় অনেক সিনেমার প্রতিযোগিতা এবং দেশের পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয়েছে।”
মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে পরিচালক বলেন, “পোস্টার, হল বুকিং, মার্কেটিংসহ মুক্তির সব প্রস্তুতি আমাদের সম্পন্ন। ১৭ অক্টোবর দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এই সিনেমার পর পপি আর কোনো সিনেমা করেনি। তাই ‘ডাইরেক্ট অ্যাটাক’ দর্শকদের জন্য পপির শেষ উপহার হয়ে থাকছে।”
সিনেমার প্রচারে অভিনয়শিল্পীদের, বিশেষ করে নায়িকা পপিকে পাওয়া যাবে কি না প্রশ্নে সাদেক সিদ্দিকী বলেন, “আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। বেশিরভাগ অভিনয়শিল্পীই দেশের বাইরে। পপির তো একটা দর্শকশ্রেণি আছে, গল্পটাও ভালো। আশা করছি, দর্শক হলে এসে সিনেমাটি দেখে নিরাশ হবেন না।”
সিনেমার চিত্রনাট্যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের গল্প দেখা যাবে। ঘুষ, দুর্নীতি, অপরাধ, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী রূপে হাজির হবেন পপি।
পরিচালকের ভাষ্য, “অ্যাকশনধর্মী সিনেমা হলেও এখানে প্রেম, ভালোবাসা রয়েছে। পপি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। সে বিয়ে করে একজন অপরাধীকে। যখন তার সামনে সব বাস্তবতা চলে আসে তখন তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এভাবেই গল্প এগিয়ে যাবে। পপির বিপরীতে দেখা যাবে আমিন খানকে।”
আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন মামনুন ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা, রিপা, হেলাল খান, রেবেকা রউফ, ফরহাদ রউফ, আমির সিরজী, পীরজাদা শহিদুল হারুন, সাগর সিদ্দিকীসহ অনেকে।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হওয়া পপি ২০০৩ সালে ‘কারাগার’, ২০০৮ সালে ‘মেঘের কোলে রোদ’, ২০০৯ সালে ‘গঙ্গাযাত্রা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
