বাতিঘরের মুক্তনীল পেলেন ‘সোলায়মান প্রণোদনা’
থিয়েটার আর্ট ইউনিট ২০০৫ সাল থেকে একজন তরুণ নাট্যশিল্পী অথবা নাট্য সংগঠনকে এ প্রণোদনা দিয়ে আসছে।
থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত 'এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫' পেয়েছেন নাট্যদল বাতিঘরের দলপ্রধান, অভিনেতা ও নাট্যনির্দেশক সঞ্জয় সরকার মুক্তনীল।
সোমবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পদক দেওয়া হয়।
এস এম সোলায়মানের লেখা ও সুর করা 'মায়ার সাগর' এবং 'ও আমার এক জনমের জীবন রে' গান দুটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
থিয়েটার আর্ট ইউনিটের কথা পাঠ করেন হাসনাত প্রদীপ এবং এস এম সোলায়মানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন লেমন।
পরে মুক্তনীলের হাতে প্রণোদনার অর্থমূল্যের চেক ও স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিল 'পরিবর্তনের স্বপ্নে মঞ্চকর্মীর দায় ও বাস্তবতা এবং টিকে থাকার দায়' বিষয়ক আলোচনা।
এতে অংশগ্রহণ করেন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী।
সভাপতিত্ব করেন থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়কারী সেলিম মাহবুব। সঞ্চালনায় ছিলেন ফেরদৌস আমিন বিপ্লব।
১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী এস এম সোলায়মান ২০০১ সালের ২২ সেপ্টেম্বর মারা যান।
৪৮ বছরের জীবনে তিনি ৩০টির বেশি নাটক রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন। থিয়েটার আর্ট ইউনিটসহ একাধিক নাট্যদলের প্রতিষ্ঠাতা তিনি। গ্রুপ থিয়েটার ফেডারেশনেরও সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন।
২০০৫ সাল থেকে থিয়েটার আর্ট ইউনিট প্রতিবছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্য সংগঠনকে এস এম সোলায়মান প্রণোদনা দিয়ে আসছে।
এর আগে এস এম সোলায়মান প্রণোদনা পান আমিনুর রহমান মুকুল, সাইদুর রহমান লিপন, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, কাজী তৌফিকুল ইসলাম ইমন, ত্রপা মজুমদার, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা, রামিজ রাজু, বাকার বকুল, মহসিনা আক্তার, সায়িক সিদ্দিকী, পাবনা চাটমোহরের সমন্বয় থিয়েটার, মৌলভীবাজার কমলগঞ্জের মণিপুরি থিয়েটার ও হবিগঞ্জের প্রতীক থিয়েটার।
