১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘প্রিন্স’: কলকাতায় শুটিংয়ে ‘তিন গুণ বেশি’ পারিশ্রমিক, স্বরূপের বিরুদ্ধে অভিযোগ প্রযোজকের

“এমন পরিবেশ তৈরি করে দিন, যাতে আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত হয়।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 08:05 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

 নায়ক শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিংয়ে কলকাতার টেকনিশিয়ানদের নির্দিষ্ট পারিশ্রমিকের চেয়ে ‘তিন গুণ বেশি দিতে হয়েছে’ বলে অভিযোগ তুলেছেন প্রযোজক শিরিন সুলতানার।

আর অর্থ ব্যয় করতে তিনি বাধ্য হয়েছেন সে সময়ে টেকনিশিয়ান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের ‘চাপে পড়ে’। 

শিরিনের কথা, প্রিন্সের শুটিংয়ে টেকনিশিয়ানদের নির্দিষ্ট পারিশ্রমিকের চেয়ে মাত্র দেড গুণ বেশি পারিশ্রমিক দিলেই হবে বলে তার সঙ্গে কথা হয়েছিল সংশ্লিষ্টদের। কিন্তু শুটিংয়ের মাঝপথেই সুর বদলে যায় স্বরূপ বিশ্বাসের। 

ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ে পালাবদল হয়েছে টালিগঞ্জেও। ফেডারেশন সভাপতির পদে স্বরূপ আর নেই। তিনি একাধিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত বছর তার মেয়াদ শেষ হয়েছে।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে ‘প্রিন্স’ সিনেমার প্রযোজক শিরিন অভিযোগ করে বলেন, “ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কলকাতায় কাজ করলে টেকনিশিয়ানদের আড়াই গুণ বেশি পারিশ্রমিক দিতে হয়। কিন্তু স্বরূপবাবু শুরুতেই বলেন, চিন্তা করবেন না। দেড় গুণ পারিশ্রমিক দিলেই আপনারা এখানে কাজ করতে পারবেন। আমরা চাই দুই দেশের মধ্যে আরও কাজ হোক।

“আমরা ভারত সরকারের থেকে উত্তরপ্রদেশের লখনৌসহ নানা জায়গায় শুটিংয়ের অনুমতি পেয়েছিলাম। স্বরূপবাবু আশ্বাস দিয়ে জানান, কোথাও যেতে হবে না। কলকাতায় আমরা স্বচ্ছন্দে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “স্বরূপবাবু শাকিব খানকে সুরুচি সঙ্ঘে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের বলেছিলেন, ‘বিশেষ বৈঠক করব। এতে দুই দেশের কাজের সম্ভাবনা বাডবে’। শুনে শাকিব ভাইও রাজি হন।” 

নির্দিষ্ট দিনে শাকিব খানকে নিয়ে সুরুচি সঙ্ঘে উপস্থিত হন প্রযোজক। স্বরূপ তখন লোক মারফত জানিয়ে দেন যে তিনি জরুরি বৈঠকে ব্যস্ত আছেন।

আরও অভিযোগ করে শিরিন বলেন, “এর পরেই স্বরূপবাবু হঠাৎ একদিন ফোন করে জানান, তিন গুণ বেশি পারিশ্রমিক দিতে হবে টেকনিশিয়ানদের। নইলে কাজ বন্ধ। তত দিনে ১০ দিনের শুটিং হয়ে গিয়েছে।”

শিরিনের ভাষ্য, এর পর তিনি সিনেমার কলকাতার একজন এক্সিকিউটিভ প্রডিউসার অরিন্দম দাসকে নিয়ে স্বরুপের অফিসে যান। 

অরিন্দম বলেন, “আমায় স্বরূপদা হুমকি দিয়ে বলেন, ‘তুমি তো কলকাতাতেও অন্য ছবির কাজ করবে। চুপচাপ থাকো। নইলে ‘ব্যান’ হয়ে যাবে’।”

শেষে তিন গুণ বেশি পারিশ্রমিক দিয়েই শুটিং শেষ করেন প্রযোজক। 

তার কথায়, “খরচ বেড়ে যাচ্ছে জানিয়ে স্বরূপবাবুর কাছে অনেক অনুরোধ জানিয়েছিলাম। তিনি কানেই তোলেননি!”

এই ব্যাপারটি নিয়ে নতুন সরকারের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন শিরীন।। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে টলিউডের বর্তমান দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অন্যতম রুদ্রনীল ঘোষকে। 

নতুন সরকারের কাছে প্রযোজক শিরিন সুলতানার আর্জি রেখে বলেন, “এমন পরিবেশ তৈরি করে দিন, যাতে আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত হয়। স্বরূপবাবুর মত মানুষেরা আদতে দুই বাংলার শত্রু। আমরা আরও বেশি করে ভারতে এসে কাজ করতে চাই।”

'অনুমোদনহীনগান ও দৃশ্যশাকিব খানের 'প্রিন্সেরসনদ স্থগিত

শাকিবের 'প্রিন্সপ্রদর্শনে গড়বড়ভাঙচুর