১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাবার গানে মেয়ের ছোঁয়া, ‘শিরোনামহীনের’ দুই গানের অনুবাদের গল্প

২০ বছর বয়সী রেশের ওপর ভরসা করেই এই কাজটি করেছেন বলে জানিয়েছেন জিয়া।

বাবার গানে মেয়ের ছোঁয়া, ‘শিরোনামহীনের’ দুই গানের অনুবাদের গল্প
জিয়াউর রহমান জিয়া, মেয়ে সারিকা রেশ রহমান ও ‘রিমেম্বার মি’ গানের পোস্টার। ছবি: সারিকা রেশ রহমানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 03:58 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

ব্যান্ড শিরোনামহীনের অষ্টম অ্যালবাম ‘বাতিঘরের’ দুইটি গান শ্রোতারা বাংলা ভাষার পাশাপাশি শুনতে পাচ্ছেন ইংরেজিতেও। 

গান দুটি হল ‘রিমেম্বার মি’ ও ‘নোবডি নোজ’, এসব গানের বাংলা সংস্করণ হচ্ছে ‘এই অবেলায় ২’ ও ‘জানে না কেউ’।

গান দুইটি ইংরেজিতে ভাষান্তর করেছেন শিরোনামহীনের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়ার মেয়ে সারিকা রেশ রহমান। ২০ বছর বয়সী রেশের ওপর ভরসা করে এই কাজটি জিয়া করেছেন বলে জানিয়েছেন তিনি।  

গ্লিটজকে তিনি বলেন, “দুইটি গানই রেশকে ভরসা করে তৈরি করা। আমার মেয়ে ভাষাবিদ, তার বিভিন্ন ভাষা নিয়ে আগ্রহ রয়েছে। আর ইংরেজিতে সে বেশ পারদর্শী। গানগুলো তো স্বাভাবিক ট্রান্সলেশন না, কথাগুলো গান হতে হবে, সুর বসাতে হবে। তাই রেশের ভরসায় গানগুলো করা।” 

জিয়া আরও বলেন, “আমাদের গানের ক্ষেত্রে যে সাবটাইটেল প্রদর্শিত হয়, সেটা গুগলের অটো সাবটাইটেল নয়। আমরা অটো সাবটাইটেল ডিলিট করে রেশের মাধ্যমে গানের সঠিক কথাগুলো দর্শকের সামনে উপস্থাপন করি।” 

কদিন ধরে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে ‘বাতিঘর’ অ্যালবামের শেষ গান ‘এই অবেলায় ২’।

একই সঙ্গে গানটি শোনা যাচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজন, স্বাধীন অ্যাপসহ দেশি-বিদেশি সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে। 

‘এই অবেলায় ২’ গানটি নিয়ে ইংরেজি ভাষান্তর করা নিয়ে রেশ বলেন, “বাবা সবসময় গান লেখার পর প্রথমেই আমাকে দেখায়। ‘এই অবেলায় ২’ গানের কথা দেখার পর আমি কিছুক্ষণ চুপ হয়ে বসে ছিলাম। কারণ গানের কথাগুলোর গভীরতা অনেক।

“গানের কথা আমি অনেকবার লিখে নিয়ে গেছি, বাবার পছন্দ হচ্ছিল না, কখনো সুর মিলছিল না। বিভিন্ন শব্দ পরিবর্তন করে বার বার লিখতে হয়েছে।” 

‘এই অবেলায় ২’ গানের দৃশ্যধারণ হয়েছিল দুই বছর আগে। শুটিং করতে গিয়ে বেশ কিছু মজার অভিজ্ঞতার মুখোমুখি হন বলে জানিয়েছেন রেশ।

তিনি বলেন, “আমাদের বাদ্যযন্ত্রের একটা বক্স হারিয়ে গিয়েছিল। বক্সটা খুঁজে পেতে পুলিশকে কল করতে হয়েছিল। বাবা আমাকে আর সাইমন চাচ্চুকে (কিবোর্ডিস্ট সাইমন চৌধুরী) একটা বক্স দিয়ে বসিয়ে রেখে হারিয়ে যাওয়া বক্সটা খুঁজতে গিয়েছিল। 

“পুলিশ এসে ভাবলো আমরা দুইজন চোর বক্সটা চুরি করেছি। আমাদের হ্যান্ডকাপ পরানোর মত অবস্থা হয়ে গিয়েছিল। পরে বাবাদের কল দেওয়ার পর তারা এসে বুঝিয়ে বলে আমরা সবাই একই টিমের। পরে অবশ্য হারিয়ে যাওয়া বক্সটা খুঁজে পাওয়া গেছে। এমন অনেক মজার অভিজ্ঞতা ছিল।” 

জিয়াউর রহমান জিয়া, মেয়ে সারিকা রেশ রহমান। ছবি: সারিকা রেশ রহমানের সৌজন্যে।  

জিয়াউর রহমান জিয়া, মেয়ে সারিকা রেশ রহমান

বাবার গানের সঙ্গে যুক্ত থাকছেন রেশ। 

মেয়েকে গানে নিয়ে আসা হবে কি না এমন প্রশ্নে জিয়া বলেন, “গান কিন্তু যার যার পছন্দের জিনিস। রেশ বেশ ভালো পিয়ানো, ভায়োলিন বাজাতে পারে। শিরোনামহীনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেশ মঞ্চে তিনটা গানে পিয়ানো বাজিয়েছিল। গানের আগ্রহ তার আছে। যদি কখনো সে অনুভব করে বাবার মত গানে আসবে, তাহলে সে গান করবে। তার জন্য সবসময় এই জায়গাটা খোলা।”  

এর আগে গত অক্টোবরে প্রকাশ পেয়েছিল 'বাতিঘর' অ্যালবামের গান ‘ক্লান্ত কফিশপে’। পাশাপাশি দলটি এর আগে এই অ্যালবামের ‘বাতিঘর’, ‘প্রিয়তমা’, ‘জানে না কেউ’, ‘কতদূর’, ‘মা’সহ বেশ কয়েকটি গান প্রচার করেছে। 

শিরোনামহীনের বর্তমান লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু। 

দলটি জানিয়েছে, তাদের 'নবম অ্যালবামের' কাজ শুরু হয়েছে, গান লেখার কাজও চলছে। এছাড়াও আগামী বছর ইউএসএ ও ইউরোপ ট্যুরসহ দেশ ও বিদেশের বেশ কিছু কনসার্টের পরিকল্পনা করছে তারা।