Published : 23 Aug 2025, 01:02 PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ মঞ্চে আনছে নতুন নাট্য প্রযোজনা 'শালবৃক্ষের মৃত্যু'।
সেলিনা হোসেন রচিত 'মৃত্যুর সূত্র কী' এবং মহাশ্বেতা দেবীর 'শিকার' ছোটগল্প অবলম্বনে এই প্রযোজনার নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা।
শনিবার সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।

মামুন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাটকটি বন, আদিবাসী সম্প্রদায়ের জীবন, শালবনের অস্তিত্ব সংকট এবং শোষণের বিরুদ্ধে প্রতিরোধের এক গভীর ও মানবিক দলিল।"
"এই নাটকের কাহিনী চলেশ, মেরী ও চলেশের মায়ের মত চরিত্রগুলোর মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে, যেখানে আদিবাসীদের জীবন, সংস্কৃতি, সংগ্রাম ও দীর্ঘ ইতিহাস মিশে আছে।"
বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের অভিনয় অনুশীলন পরীক্ষা প্রযোজনা হিসেবে 'শালবৃক্ষের মৃত্যু' মঞ্চে আসছে।
মামুন রেজা বলেন, "বাংলা সাহিত্যের দুইজন খ্যাতিমান লেখক মহাশ্বেতা দেবী এবং সেলিনা হোসেন রচিত দুটি ভিন্ন গল্প থেকে নির্যাস নিয়ে আমরা বিনির্মাণ করেছি শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জীবন দিয়ে সংগ্রাম করে যাওয়া মানুষের কাহিনী নির্ভর নাট্য প্রযোজনা 'শালবৃক্ষের মৃত্যু'।

"পৃথিবীর সকল জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ঘটে চলা অবিরাম অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে এ আমাদের তীব্র প্রতিবাদের প্রতিচ্ছবি।"
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মণি মোহন দে, অমি সরকার, মাহফুজুর রহমান, জান্নাতুল ফারিয়া প্রীতি, রেজুয়ানা সুলতানা কনা, মো. ফয়সাল, শ্রেয়সী ভাদুড়ি, ঋতু দাস, লিমন আহমেদ, ফিরোজ মাহমুদ, বিপ্তন বিশ্বাস, লিমা ভক্তি, রাজন বিশ্বাস ও মাহফুজুর রহমান।
নাটকের মঞ্চ, আলো ও পোশাক পরিকল্পনা করেছেন নুসরাত শারমিন।