১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিরছে নব্বইয়ের গান ও গানের গল্প

প্রতি শনিবার রাত ১২টায় প্রচার হবে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’।

ফিরছে নব্বইয়ের গান ও গানের গল্প
নব্বইয়ের গানের পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 10:40 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

নব্বই দশকের প্রিয় শিল্পীদের কণ্ঠে ফেলে আসা দিনের গান ও গল্প নিয়ে শুরু হচ্ছে গানের অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরি’।

মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে এই অনুষ্ঠান। বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি শনিবার রাত ১২টায় প্রচার হবে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’।

শনিবার প্রথম পর্বে গল্প করবেন সংগীতশিল্পী আগুন।

নব্বই দশকের গোড়ায় ‘সাডেন’ ব্যান্ডের মধ্য দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে যাত্রা হয় আগুনের। পরবর্তীতে সিনেমায় প্লেব্যাকের জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন তিনি। অনুষ্ঠানে সে সময়কার অনেক স্মৃতিকথা শুনিয়েছেন আগুন।

অনুষ্ঠানে বাবা প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক খান আতাউর রহমান এবং প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর কথা বলতে গিয়ে অঝোরে কেঁদেছেন আগুন।  

হ‌ুমায়ূন আহমেদের সিনেমায় গান করতে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছিল আগুনের, সেই গল্পও করেছেন তিনি। পাশাপাশি বলেছেন তার জনপ্রিয় গান ‘আমার স্বপ্নগুলো’ সৃষ্টির গল্প।  

একই দিনে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। সালমান শাহ ছিলেন আগুনের বন্ধু। ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান করে গায়ক হিসেবে প্রতিষ্ঠা পান আগুন। সালমান শাহেরও প্রথম সিনেমা ছিল এটি। এই সিনেমায় গান করতে গিয়ে সালমানের সাথে বন্ধুত্ব হয় আগুনের।  

পরবর্তীতে সালমানের বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আগুন। দুইজনের অনেক স্মৃতি নিয়ে অনুষ্ঠানে গল্প করেছেন আগুন।

রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

অনুষ্ঠানটি নিয়ে  হুমায়ুন কবির বলেন, "নব্বই দশক আমাদের সংগীতের অন্যতম সোনালী অধ্যায়। বিশেষ করে ব্যান্ড সংগীতের একটা উম্মাতাল জোয়ারে মাতোয়ারা ছিল তখনকার প্রজন্ম। এ অনুষ্ঠানে সেই নস্টালজিক সময়ের গল্প বলবেন জনপ্রিয় ব্যান্ডতারকা এবং সংগীতশিল্পীরা। গল্পের পাশাপাশি গানও শোনাবেন। আশা করি, অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য হবে।"