Published : 31 Oct 2025, 10:40 AM
এক পরিবারের দুই জামাইয়ের কর্মকাণ্ড ঘিরে হাসির টেলিফিল্ম ‘জামাই টক্কর’ নির্মাণ করা হয়েছে।
এতে দুই জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শামীম হাসান সরকার।
টেলিফিল্মটি রচনা করেছেন ফজলু সেলিম এবং পরিচালনায় সোহেল হায়দার। চ্যানেল আইয়ে প্রচার হবে ‘জামাই টক্কর’।
বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে এই টেলিফিল্মটি।
চিত্রনাট্যে দেখা যাবে, মোশাররফ ও শামীম এক পরিবারের দুই জামাই। বাড়ির বাজার করা থেকে সব কিছুতে দুইজনের টক্কর দেওয়ার এক প্রতিযোগিতা রয়েছে। তাদের বিভিন্ন হাস্যরসাত্মক কর্মকাণ্ডে এগিয়ে যাবে টেলিফিল্মটি।
পরিচালক সোহেল হায়দার জানিয়েছেন, কমেডির মোড়কে তিনি এই গল্পে সমাজের অর্থনৈতিক বৈষম্যের দিকটি তুলে ধরেছেন।
"সব অভিনয়শিল্পী বেশ খুশি নিয়ে কাজটি করেছেন। আর মোশাররফ ভাই এমন একজন অভিনেতা, যিনি সব কাজএই দারুণ অভিনয় করেন। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে। এটি যেমন হাস্যরস দিবে তেমনি দর্শকে ভাবাবে আমাদের এই সমাজব্যবস্থার নিয়ম নিয়ে।"
‘জামাই টক্করে’ মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা আর শামীম হাসানের সঙ্গে সামান্তা পারভেজ।