১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন রূপে আসছে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

বৃহস্পতিবার গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি।

নতুন রূপে আসছে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’
‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানের শিল্পীরা। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 01:07 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

পহেলা বৈশাখ ঘিরে নতুন আয়োজনে তৈরি করা হয়েছে দর্শকপ্রিয় গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। গানটি নতুন করে নিয়ে আসার এই উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা ‘গানচিল’।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় ১৮ বছর আগে ক্লোজআপ ওয়ান 'তোমাকেই খুঁজছে বাংলাদেশ' প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গাওয়া এই গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল শ্রোতাদের কাছে।

এখনো পহেলা বৈশাখ এলেই গানটি ফিরে আসে মানুষের মুখে মুখে। এই প্রজন্মের দর্শকদের সামনে নতুন আয়োজনে নতুনভাবে হাজির করা হচ্ছে গানটি।

গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারও নতুন সংগীতায়োজনে যুক্ত আছেন। এই সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন ইমন।

তিনি বলেন, ‘‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মত করে আপন করে নেবে।’’ 

গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন ইমন নিজে, পাশাপাশি গানটি গেয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ ফিট এলাকায় হয়েছে গানটির ভিডিও চিত্র ধারণ। যেটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

বৃহস্পতিবার গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি।