১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসার পথ খুলল

রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদ সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে, বলছে পিজিসিবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 11:35 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

বহুল প্রতীক্ষিত গ্রিড লাইন পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রথম ইউনিটের সঞ্চালন লাইন সফলভাবে চালুর তথ্য দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ-পিজিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিজিসিবি বলেছে, ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ সফলভাবে চালু হয়েছে। এর মধ্য দিয়ে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদ সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। প্রায় ১৫৮ কিলোমিটারের এ লাইনের ৪১৪টি টাওয়ার রয়েছে।

দু্ই ইউনিটের ২৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির প্রাথমিক কাজ ২০১৩ সালে শুরু হলেও মূল কাজ শুরু হয় চার বছর পর ২০১৭ সালে। ২০২৩ সালের মাঝামাঝি একটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হওয়ার কথা থাকলেও তা এখনও হয়নি, যদিও সে বছরের অক্টোবরে ইউনিটটির জন্য জ্বালানি এনে মজুদ রাখা হয়েছে।

এতদিন ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের উৎপাদন শুরু করার জন্য সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ার কথা বলা হচ্ছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার পক্ষ থেকে।

সোমবার পিজিসিবির গ্রিড লাইন চালুর তথ্যের পর প্রকল্প পরিচালক জাহেদুল হাসানকে ফোন করলেও তিনি ধরেননি।

এর আগে ২০২২ সালের ৩০ জুন ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’  চালু করা হয়েছিল। রূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট তিনটি লাইন প্রস্তুত হল, যার প্রতিটির সঞ্চালন সক্ষমতা ২০০০ মেগাওয়াট।