২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সন্তানদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

সরকারি-বেসরকারি চাকুরিতে নিষিদ্ধ করারও দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 11:51 PM

Updated : 22 Oct 2022, 11:51 PM

দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সন্তানদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে আইন করার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম।

শনিবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। তাদের রাজনীতিতে অংশগ্রহণেও নিষেধাজ্ঞার দাবি জানানো হয়। 

চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, “৭১ এর মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সকল সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং তাদের সন্তানদের বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনে আইন করে অযোগ্য ঘোষণার দাবি জানাই।

“পাশাপাশি সরকারি-বেসরকারি চাকুরিতে নিষিদ্ধ করারও দাবি জানাচ্ছি। সম্প্রতি চট্টগ্রামে বিএনপির জনসভায় ফাঁসির দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ‘শহীদ’ আখ‍্যায়িত করে সংবিধান লংঘনকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যুদ্ধাপরাধীদের লালনকারী অপশক্তির অভয়াশ্রম হতে পারে না।”

সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু স্বাধীনতা বিরোধীদের নামে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনার নাম এ বছরের বিজয় দিবসের আগেই অপসারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশ শেষে নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সংগঠনের জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল আমীন ও বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন।

সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন নারী বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুন নাহার খুশী।