২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তলানোর দুই দিন পর হালদায় মিলল কিশোরের লাশ

খেলার সময় নদীতে পড়া ফুটবল আনতে গিয়ে তলিয়েছিল ওই কিশোর।

তলানোর দুই দিন পর হালদায় মিলল কিশোরের লাশ

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 08:31 PM

Updated : 08 Oct 2022, 08:31 PM

চট্টগ্রামের হালদা নদীতে ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যাওয়ার দুই দিন পর এক কিশোরের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গচ্ছাখালি খালের মুখ থেকে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আনাসের (১৪) লাশ উদ্ধার করা হয়।

নিহত আনাস গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আবু তাহের ছেলের নিখোঁজ হওয়ার খবর শুনে শুক্রবার দেশে ফেরেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকেলে নদীর পাড়ে ফুটবল খেলার সময় বলটি নদীতে পড়ে যায়। স্লুইস গেটের কাছে নদীর ওই অংশে খুব স্রোত ছিল।

“বল আনতে তিনজন নদীতে নামে। তাদের মধ্যে দুজন উঠে আসতে পারলেও আনাস আর উঠতে পারেনি। আজ সকালে তার লাশ পাওয়া গেছে।”

বৃহস্পতিবার বিকালে আনাস নদীতে পড়ে যাওয়ার পর শুক্রবার সারাদিন ফায়ার সার্ভিসের সদস্যরা নদী সংলগ্ন অংশে তল্লাশি চালায়।

শনিবার সকালেও ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশির জন্য নদীতে নামার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা গচ্ছাখালি খালের মুখে মরদেহ ভাসতে দেখে। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।