Published : 02 Dec 2025, 08:52 PM
চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ৪৪তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মেরিন ফিশারিজ একাডেমি প্রাঙ্গণে এই প্যারেড হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়।
ফরিদা আখতার অনুষ্ঠানে বলেন, “মেরিন ফিশারিজ একাডেমি হতে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী। কঠোর অধ্যবসায় এবং প্রগাঢ় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান ক্যাডেটদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
“ক্যাডেটরা একাডেমির সীমিত বলয় ছেড়ে পেশাগত জীবনের বৃহত্তর অঙ্গণে প্রবেশ করতে যাচ্ছে। তাদের কর্ম জীবনে উন্নতির প্রধান ভিত্তি কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা, মূল্যবোধ এবং দেশ ও জাতির প্রতি কর্তব্য নিষ্ঠা। এই বোধগুলো আত্মস্থ করে ভবিষ্যত কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ক্যাডেটরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে উপদেষ্টা ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। মেরিন ফিশারিজ একাডেমির ৪৪তম ব্যাচের পাসিং আউট প্যারেড- ২০২৫ এ ১১০ জন ক্যাডেট পাসড আউট হয়েছেন, যাদের মধ্যে ১৭ জন নারী।
ক্যাডেটদের মধ্যে ‘বেস্ট অল রাউন্ডার গোল্ড মেডেল’ অর্জন করেন খন্দকার তানভীর ইসলাম (মেরিন ইঞ্জিনিয়ারিং)।
অন্যান্য বিভাগে ‘বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’পান জাবের শাহরিয়ার (নটিক্যাল সায়েন্স), মাইনুল ইসলাম (মেরিন ইন্জিনিয়ারিং) ও সাকিবুর রহমান (মেরিন ফিশারিজ) এবং নারী ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নুসরাত হোসাইন আনিকা (মেরিন ফিশারিজ) পদক অর্জন করেন।
পরে উপদেষ্টা সফলভাবে কোর্স সম্পন্নকারী ক্যাডেটদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রণালয় ও অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, তথ্য অধিদফতর, মেরিন ডিপার্টমেন্ট, শিপিং অফিস এবং অন্যান্য মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন।