Published : 14 Mar 2026, 08:27 PM
দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার বামনসুন্দর খাল খনন করা হবে।
শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
দেশের ৫৪ জেলার ৬৩টি খাল একযোগে খনন কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৬ মার্চ। ওই দিন দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়া খালের খনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, এ কর্মসূচির আওতায় বামনসুন্দর খাল খনন করা হবে। ২৪ কিলোমিটার দীর্ঘ এই খালের আশপাশে প্রায় ১৫ হাজার হেক্টর কৃষিজমি রয়েছে।

"পানির অভাবে দীর্ঘদিন ধরে এসব জমিতে পরিকল্পনা অনুযায়ী চাষাবাদ করা সম্ভব হয়নি। খাল খনন সম্পন্ন হলে অন্তত পাঁচ হাজার হেক্টর নতুন জমি চাষের আওতায় আসবে এবং কৃষি উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে।"
জেলা প্রশাসক বলেন, প্রাথমিকভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বামনসুন্দর খালের তিন কিলোমিটার অংশে খনন কার্যক্রম শুরু করা হবে। এ কাজের তত্ত্বাবধান করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। খাল খনন শেষ হলে প্রায় তিন মিটার গভীরতা তৈরি হবে। এতে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি মাছ চাষ করা হবে।
খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ টেকসই করতে হলে খালে বর্জ্য ফেলা বন্ধ করতে এবং খাল দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।