Published : 02 Jul 2025, 12:52 AM
রাষ্ট্রায়ত্ব জ্বালানি তেল শোধনাগার ইর্স্টান রিফাইনারি লিমিটেড (ইআরএল) এক অর্থবছরে সক্ষমতার চেয়ে ৩৫ হাজার টন বেশি তেল পরিশোধন করেছে।
সদ্য বিদায়ী অর্থবছরে কোম্পানিটি ১৫ লাখ ৩৫ হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করেছে, যা প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ।
ইর্স্টান রিফাইনারির অপরিশোধিত জ্বালানি তেল শোধনের সক্ষমতা ১৫ লাখ টন। এর আগে ২০২০-২১ অর্থবছরে ১৫ লাখ ১৩ হাজার টন তেল পরিশোধন করা হয়েছিল।
মঙ্গলবার ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত সংবাদ সম্মেলনের এসব তথ্য দেন।
নগরীর পতেঙ্গায় ইআরএল কার্যালয়ে তিনি বলেন, অনেক ধাপ পেরিয়ে তেল পরিশোধন করতে হয়। গত অর্থবছরে সবকটি ধাপ ঠিকভাবে পার করে এ লক্ষ্যমাত্রা অর্জন করা গেছে।
কোম্পানির চেয়ারম্যান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেন, সব পক্ষের প্রচেষ্টায় ও তেল সরবরাহ নিরবচ্ছিন্ন থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে তেল সরবরাহ করা গেছে। ৫৭ বছরের পুরোনো এ পরিশোধনাগারে সফলতার সঙ্গে এ লক্ষ্যমাত্রা পূরণ হলো।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, ইআরএল দ্বিতীয় ইউনিট বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে খুব দ্রুত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
ইআরএল জানায়, ২০২৩-২৪ অর্থবছরে ১২ লাখ ৭৯ হাজার টন, ২০২২-২৩ অর্থবছরে ১৪ লাখ ৪৩ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে ১৩ লাখ ৭৭ হাজার টন, ২০২০-২১ অর্থবছরে ১৫ লাখ ১৩ হাজার টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়।
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল পরিশোধনাগার ইআরএল প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালের মে মাসে। বিপিসি‘র এ অঙ্গ প্রতিষ্ঠান অপরিশোধিত তেল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েলসহ ১৪টি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে আসছে।