Published : 19 Jun 2026, 09:20 PM
চট্টগ্রামের হাটাহাজারীতে সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে হাটহাজারী-রাউজার সড়কে একটি কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম মো. সামির (১৩)। সে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সামির। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। শুক্রবার ছিল তার বোনের বিয়ে। অনুষ্ঠান হয় হাটহাজারীর ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামির তার বোনের বিয়ের অনুষ্ঠান শেষে কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় ডাম্প ট্রাক চাপায় সে গুরুতর আহত হয়।
“শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সামিরকে। সেখানে সামির মারা যায়। ট্রাকের চালককে আটক করা হয়েছে।”
হাটহাজারী থানার এসআই মো. রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন। এ কারণে পরবর্তী আইনি ব্যবস্থা হাইওয়ে থানায় নেওয়া হবে।