Published : 27 Jun 2026, 07:31 PM
চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় সৈকত এক্সপ্রেস ট্রেনে ‘কাটা পড়ে’ এক নারী নিহত ও আরেকজন নারী আহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নূর নাহার বেগম (৪২)। একই ঘটনায় ৬০ বছর বয়সী রাশেদা বেগম আহত হন।
তারা দুজনই কক্সবাজার জেলার মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকার বাসিন্দা। এর মধ্যে নূর নাহার রাজুয়ার ঘোনা গ্রামের আবদুল মালেকের স্ত্রী। পটিয়া থানার শ্রীমাই ব্রিজ এলাকায় তারা কৃষি জমিতে শ্রমিকের কাজ করতেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নুরুল হুদা বলেন, এ দুই নারী শ্রীমাই ব্রিজ এলাকার স্থানীয় বাচ্চু হুজুর নামে একজনের বাসায় ভাড়া থাকতেন। জমিতে কাজ শেষে খাবারের উদ্দেশ্যে রেললাইনের উপর দিয়ে বাসায় ফিরছিলেন তারা। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেনটি ব্রিজ অতিক্রমকালে তাদের ধাক্কা দেয়। এতে নূর নাহার ঘটনাস্থলেই মারা যান।
মারাত্মক আহত রাশেদা বেগমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন তিনি।
এদিকে পরিবারের দাবির প্রেক্ষিতে নূর নাহারের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে তথ্য দিয়েছেন ষোশশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অসীম চন্দ্র ধর।