Published : 25 Sep 2025, 09:50 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হওয়া শিক্ষার্থীদের ডোপ টেস্টে কারো ক্ষেত্রে ‘আসক্তি ধরা পড়েনি’।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক মো. শহীদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের সবার ডোপ টেস্টের ফল ‘নেগেটিভ’ এসেছে।
ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বৃহস্পতিবার বিকেলে তাদের প্রতিবেদন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে হস্তান্তর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের জন্য নমুনা দেন।
ডোপ টেস্ট কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, ৯৩৬ জন প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্টই ‘নেগেটিভ’ এসেছে।
প্রতিবেদন হস্তান্তরের সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, ডোপ টেস্ট কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন মিঞা এবং মেডিকেল টেকনোলজিস্ট মোশাহীদুর রহমান খান ও এ বি এম ইউসুফ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার চাকসু ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি পদের বিপরীতে নির্বাচন করবেন ৪১৫ জন। আর ১৫টি হল ও একটি হোস্টেল সংসদের বিভিন্ন পদে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, চাকসুর ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ এবং এজিএস পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে মনোনয়নপত্র সংগ্রহকারী শিক্ষার্থীরা ডোপ টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন।
পুরনো খবর