Published : 29 Jan 2026, 01:55 PM
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে চট্টগ্রামে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনি আইনসহ সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি একেএম আব্দুল হাকিম।
চেয়ারম্যান তার ৪৩ বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা যেমন সংরক্ষিত, তেমনি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও বাধ্যতামূলক।”
তিনি বলেন, “সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতার যেন অপব্যবহার না হয় তা নিয়ে গণমাধ্যম কর্মীদেরকে সচেতন থাকতে হবে।”
প্রশিক্ষণ কর্মশালায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি; ভুল তথ্য ও গুজব প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট সহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও নীতিমালার বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে কর্মশালায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান বক্তব্য দেন।
প্রায় ৮০ জন গণমাধ্যমকর্মী এ কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।