শাহ আমানতে সিগারেট ও মোবাইল ফোন জব্দ
বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় যাত্রীদের তল্লাশি করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে তল্লাশি করে বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও প্রসাধনী জব্দ করা হয়েছে।
বুধবার সকালে ও দুপুরে মাস্কাট থেকে আসা সালাম এয়ার ও আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দের কথা বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও এনএসআইয়ের সহকারী পরিচালক রেজাউল করিম অভিযান পরিচালনা করেন। তারা দুই যাত্রীর কাছ থেকে ১৬০ কার্টন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন এবং ১৪০টি নিষিদ্ধ বিদেশি বিউটি ক্রিম জব্দ করেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের তল্লাশি করা হয়। ‘ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায়’ সেগুলো জব্দ করা হয়।
