Published : 22 Jul 2025, 07:53 PM
ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর থেকে নগরীর মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কলেজ শিক্ষার্থীরা। বিকালেও তারা সড়কে অবস্থান করেন।
শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগানের পাশাপাশি শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সেখানে স্লোগান দেন। বিক্ষোভের কারণে শিক্ষা বোর্ডের সামনের সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের লাশের হিসাব নিয়ে ‘লুকোচুরি’ করছে প্রশাসন। বিমান দুর্ঘটনার পর গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণারও প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া মো. সাকিব নামে এক শিক্ষার্থী বলেন, সোমবারের বিমান দুর্ঘটনায় সাধারণ শিক্ষার্থীরাও মানসিক অস্থিরতায় ছিল। এর মধ্যে আজ (মঙ্গলবার) পরীক্ষা ছিল। কিন্তু গতকাল বিকাল থেকে কোনো ধরনের ঘোষণা না দিয়ে গভীর রাতে সরকার পরীক্ষা স্থগিতের কথা জানায়।
মো. রায়হান নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা তো গভীর রাত পর্যন্ত জেগে থাকে না। সারা দিন কোনো ঘোষণা না দিয়ে গভীর রাতে (পরীক্ষা স্থগিতের) ঘোষণা দিয়েছে, যা বেশিরভাগ শিক্ষার্থী জানতেন না।
অনেক শিক্ষার্থী পরীক্ষা স্থগিতের কথা না জেনে সকালে পরীক্ষার হলেও চলে যায়, বলেন রায়হান।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) মো. আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সচিব ও উপদেষ্টার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছিল। আমরাসহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান স্যারও গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। চেয়ারম্যান স্যার তাদের দাবি দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।”
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৮ জনের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই শিশু।
দুপুরের ওই ঘটনার পর একে একে মৃত্যুর খবর আসতে থাকে। দুর্ঘটনায় হতাহতদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মর্মান্তিক এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
মঙ্গলবার এইচএসসি পরীক্ষাও ছিল। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় সেই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া গভীর রাতে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণার কারণে সেটি তারা অনেকেই জানতেন না। অনেক শিক্ষার্থী সাত-সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যান। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এইচএসসি পরীক্ষার্থীরা মঙ্গলবার বিক্ষোভ করেন। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি তোলেন।
দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে পুলিশ।
শিক্ষার্থীদের দাবি ও বিক্ষোভের মুখে এদিন শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার।
আরও পড়ুন-
মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ: তোপের মুখে আইন উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীরা, কাঁদুনে গ্যাস ছুড়ল পুলিশ