শাহ আমানতের টার্মিনাল ড্রাইভওয়েতে যানবাহন ও দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
বিমানবন্দরে আসা যাত্রীবাহী সব যানবাহন সরাসরি প্রধান পার্কিং/কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করিয়ে যাত্রী ওঠানামা করানোর অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভওয়েতে সব রকমের যানবাহন ও দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিলের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেখানে বলা হয়, “আসন্ন জাতীয় নির্বাচনপূর্বক দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এবং প্রথম শ্রেণির কেপিআই (KPI) প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টার্মিনাল ড্রাইভওয়েতে সব ধরনের যানবাহন ও যাত্রী ছাড়া অন্যান্য দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
“বিমানবন্দরে আসা যাত্রীবাহী সব যানবাহন সরাসরি প্রধান পার্কিং/কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করিয়ে যাত্রী ওঠানামা করানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় কেবল যাত্রী নামিয়ে দিতে প্রবেশ করা যাহবাহন থেকে পার্কিং টোল আদায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
“এ ছাড়া বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারবর্গ যাত্রী হিসেবে আগমন ও বহির্গমনের সময় প্রয়োজনীয় প্রটোকল মানতে সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত প্রটোকল পাশ প্রদর্শন করে ভেতরে প্রবেশ করতে পারবে।”
