Published : 11 Nov 2025, 04:04 PM
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে হওয়া এ দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম ইকবাল হোসেন।
তিনি লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার; ট্রেনের গার্ড রেকে করে কক্সবাজার যাচ্ছিলেন।
ইকবালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি মাথায় ও শরীরের অন্যান্য কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন।
চট্টগ্রামের জান আলী হাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইকবাল হোসেন ট্রেনের সবচেয়ে পেছনের গার্ড থাকার বগিতে করে কক্সবাজার যাচ্ছিলেন। কালুরঘাট সেতুতে ট্রেন ওঠার পর তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন।”
হঠাৎ তিনি ট্রেন থেকে পড়ে যান জানিয়ে নেজাম বলেন, “সেতুতে ট্রেনের গতিবেগ খুবই কম ছিল এবং সবার পেছনের বগি থেকে পড়ায় আঘাত কম পেয়েছেন।”
কক্সবাজার এক্সপ্রেস সকালে ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামে বিরতি দেওয়ার পর কক্সবাজারের উদ্দেশে ছাড়ে দুপুরে।