Published : 30 Jan 2025, 06:36 PM
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করেছে নগর পুলিশ।
ফেইসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার দুই দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে এ পুরস্কার ঘোষণা করা হল।
বৃহস্পতিবার বিকালে নগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার হাসিব আজিজ এ পুরস্কারের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজ্জাদের অবস্থান সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে তাকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তাকারীকে ‘উপযু্ক্ত’ পুরস্কার দেওয়া হবে; সন্ধানদাতার নাম পরিচয়ও গোপন রাখা হবে।
হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে।
এই ‘ছোট সাজ্জাদ’ হলেন হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী।
দুই যুগ আগে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে দিনের বেলায় আড়াআড়ি বাস রেখে ছাত্রলীগ নেতাকর্মীবাহী মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে আটজনকে হত্যার আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। তার অনুসারী হিসেবে তার পক্ষে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি করেন ছোট সাজ্জাদ।
গেল বছরের ২১ অক্টোবর বিকালে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় কালো রংয়ের একটি গাড়িতে করে গিয়ে তাহসিন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়।
ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে।
এছাড়াও চাঁদার জন্য বিভিন্ন ভবনে প্রকাশ্যে অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সাজ্জাদ জড়িত বলে পুলিশের ভাষ্য।
আত্মগোপনে থাকা সাজ্জাদ মঙ্গলবার রাতে ফেইসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেন।
নিজের ফেইসবুক আইডি থেকে সাড়ে ১৯ মিনিটের লাইভে আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন ‘বাড়াবাড়ি’ করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে ‘কালার’ করা হচ্ছে। বাধ্য হয়ে তিনি ফেইসবুক লাইভে এসেছেন, যাতে পুলিশের ঊর্ধ্বতনরাও তার কথাগুলো শুনতে পান।
ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, তিনি যদি পুলিশ না হতেন, তাহলে ‘রাস্তায় ন্যাংটো করে পেটাতেন’। আদালতকে ‘সম্মান করেন’ বলে সাজ্জাদ কিছু করছেন না।
হুমকির ঘটনায় ওসি আরিফ হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুরনো খবর
লাইভে এসে 'পেটানোর হুমকি' সন্ত্রাসী ছোট সাজ্জাদের, ওসির জিডি