১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ আমানতে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

ওই দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা দুই যাত্রীর লাগেজ থেকে ৫৩৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কাস্টমস, শুল্ক গোয়েন্দা এবং বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

ওই দুই যাত্রীর কাছ থেকে সিগারেটের পাশাপাশি আটটি স্মার্টফোনও উদ্ধার করা হয়। সিগারেট ও মোবাইল ফোন মিলিয়ে উদ্ধার হওয়া পণ্যের দাম প্রায় ২৩ লাখ টাকা। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের একটি বিমানে ওই দুই যাত্রী আসেন। তাদের ব্যাগেজ তল্লাশি করে ১৮ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ৫৩৬ কার্টন সিগারেট এবং ৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।” 

ওই দুই যাত্রী হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা দিলীপ দাশ ও ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ সেলিম। 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “এই দুজন বিদেশে সাধারণ কাজ করেন। তারা দেশে আসার সময় কেউ তাদের এসব পণ্য দিয়ে দেশে পৌঁছে দিতে বলে। 

“উনারা জানতেন না যে, এভাবে সিগারেট আনা অবৈধ। জব্দ করা সিগারেট কাস্টমসের জিম্মায় চলে যাবে। মোবাইল সেটগুলো যথাযথ ট্যাক্স দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন।” 

ওই দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।