Published : 03 Nov 2025, 05:49 PM
চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। পুলিশের ধারণা, ‘পরকীয়া সম্পর্কের’জেরে তাকে খুন করা হতে পারে।
সোমবার বিকালে পাঁচলাইশ থানার হামজারবাগ সঙ্গীত আবাসিক এলাকা থেকে এ যুবকের লাশ উদ্ধার করা হয়।
হাসিব নামের ২৭ বছর বয়সী এ যুবকের বাসা পাঁচলাইশ জাঙ্গালপাড়া এলাকায়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এক ব্যক্তি হাসিবকে বাসা থেকে ডেকে বের করেছিলেন। পরে সঙ্গীত আবাসিক এলাকা থেকে তার গলা এবং বিভিন্ন স্থানে ছুরিকাহত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
“প্রাথমিকভাবে আমরা জেনেছি, প্রতিবেশী প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সাথে পরকীয়া ছিল হাসিবের। পরে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। এর মধ্যে ওই নারী তার স্বামীকে প্রবাসে তালাকনামা পাঠিয়েছে। এরপর ওই প্রবাসী ফিরে আসেন।”
এ নিয়ে হাসিবের সাথে ওই প্রবাসীর দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেখান থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা ওসি সোলায়মানের।
পুলিশের এক কর্মকর্তা জানান, মাস খানেক আগে হাসিব ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর পর বিয়ে করে সস্প্রতি তারা এলাকায় ফিরেন। এর মধ্যে ওই প্রবাসীও দেশে ফিরে তার স্ত্রীকে ঘরে নেওয়ার চেষ্টা করেন এবং হাসিবকেও নানা ভাবে বোঝানোর চেষ্টা করেন।
কিন্তু হাসিব এবং ওই নারী নিজেদের অবস্থানে অনড় থাকায় ক্ষুব্ধ হয় প্রবাস ফেরৎ ওই ব্যক্তি। এর জের ধরে ওই ব্যক্তি দুপুরে বাসায় গিয়ে হাসিবকে ডেকে এনে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।