১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিয়ের আলোচনায় ‘জমির বিরোধ’, চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত ১

“হামলার পরপর জসীমকে স্বজন  ও প্রতিবেশীরা আটকে ফেলেন,” বলেন পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 12:53 AM

Updated : 26 Aug 2026, 05:15 PM

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের বৈঠকে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার ফরহাদাবাদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনার পর ‘ছুরিকাঘাতকারীকে’ স্থানীয়রা আটকে ফেলেন।  প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পুলিশের সঙ্গে র‌্যাব সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম বাবু (৪২)। আর আটক ব্যক্তির নাম মো. জসীম উদ্দিন (৪৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবু ও জসীম একই বাড়ির বাসিন্দা। রাতে বাড়িতে এক স্বজনের বিয়ে নিয়ে বৈঠক হয়। এ সময় বিয়ের প্রসঙ্গের বাইরে গিয়ে জসীম তার জমি দাবি করে। 

"এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জসীম ঘর থেকে ছুরি এনে বাবুকে আঘাত করে। "

আহত বাবুকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারেক আজিজ বলেন, হামলার পরপর জসীমকে স্বজন  ও প্রতিবেশীরা আটকে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় আনার চেষ্টা করলে উত্তেজিত স্থানীয়রা বাধা দেয় এবং তাকে পিটুনি দেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানায়, জসীমকে উদ্ধার করে একটি দোকানে আটকে রাখা হয়েছিল। তারপরও উত্তেজিত লোকজন তাকে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশের সঙ্গে র‌্যাব সদস্যরা যোগ দিয়ে তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে থানায় নিয়ে যান।