চট্টগ্রামে ব্যাংক কার্যালয় থেকে নিরাপত্তা প্রহরীর মৃতদেহ উদ্ধার
“প্রাথমিকভাবে মনে হচ্ছে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।”
চট্টগ্রামে একটি ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার আনোয়ার উপজেলা সদরের রূপালী ব্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা নিরাপত্তাকর্মী অঞ্জন মল্লিক (৫০)। তিনি একটি বেসরকারি নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ব্যাংকের কর্মকর্তারা অফিসের তালা খুলে অঞ্জনকে অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।
“আমরা ব্যাংকের মধ্যে কোন কিছু অস্বাভাবিক পাইনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। আমরা আরও তদন্ত করছি।”
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
