১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় যুবদল নেতার মৃত্যু

জাতীয় অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন ইস্পাত কারখানার সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 08:45 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকচাপায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

বৃস্পতিবার বিকালে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন ইস্পাত কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

নিহত কামাল উদ্দিন (৪৫) মীরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে। 

এই ঘটনায় ট্রাক চালক মো. খলিল হাওলাদারকে আটক করেছে পুলিশ। 

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উনার অবস্থার অবনতি হলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

“ট্রাক চালক ও গাড়ি আটক করা হয়েছে।” 

স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কার চালিয়ে ব্যবসায়িক কাজে যান কামাল উদ্দিন। নিপ্পন ইস্পাত কারখানার সামনের সড়কে তিনি নিজের গাড়িটি দাঁড় করান। সেসময় একটি ডাম্পট্রাক তার প্রাইভেটকারকে চাপা দেয়।