১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ব মশা দিবসে চট্টগ্রামে এমএসএফের শোভাযাত্রা

‘মশার প্রজনন চক্র ভেঙে দিন, প্রতিটি জীবন সুরক্ষিত রাখুন’ প্রতিপাদ্য সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই শোভাযাত্রা করা হয়।

বিশ্ব মশা দিবসে চট্টগ্রামে এমএসএফের শোভাযাত্রা
বিশ্ব মশা দিবস উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রামের সচেতনতামূলক শোভাযাত্রা করেছে এমএসএফ। ছবি: এমএসএফ

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 05:55 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

বিশ্ব মশা দিবস উপলক্ষে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে শোভাযাত্রা করেছে মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)।

বৃহস্পতিবার দুপুরে নগরীর জিইসি মোড় থেকে শোভযাত্রা শুরু হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত যায়।

‘মশার প্রজনন চক্র ভেঙে দিন, প্রতিটি জীবন সুরক্ষিত রাখুন’ প্রতিপাদ্য সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় মানুষের কাছে মশাবাহিত রোগ প্রতিরোধের বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

বিশেষ করে মশার বংশবিস্তার শুরুর আগেই জমে থাকা পানি ও সম্ভাব্য প্রজননস্থল অপসারণের ওপর জোর দেওয়া হয়। এর মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রতি বছর ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালিত হয়। ১৮৯৭ সালের ২০ অগাস্ট ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস স্ত্রী অ্যানোফিলিস মশার সঙ্গে ম্যালেরিয়া সংক্রমণের যোগসূত্র শনাক্ত করেন। তার ওই আবিষ্কারকে স্মরণ করে দিবসটি পালিত হয়।

ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা, জাপানিজ এনসেফালাইটিস, ইয়েলো ফিভার ও ওয়েস্ট নাইল জ্বরসহ বিভিন্ন রোগ মশার মাধ্যমে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এসব রোগের অনেকগুলো প্রতিরোধে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ ও মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম জোরদারে স্থানীয় সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এমএসএফ। সংস্থাটির বাংলাদেশবিষয়ক তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরে তাদের ডেঙ্গু কার্যক্রমের মধ্যে ভেক্টর নিয়ন্ত্রণ, রোগের বিস্তার পর্যবেক্ষণ এবং কমিউনিটিতে সচেতনতা তৈরির কাজ রয়েছে।

এর আওতায় ডেঙ্গু প্রতিরোধ, রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা এবং কমিউনিটি স্বাস্থ্য কার্যক্রম জোরদারে সহায়তা করছে সংস্থাটি।

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসাসামগ্রী এবং চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়কে ভেক্টর নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সরঞ্জাম ও সামগ্রী দিয়েছে এমএসএফ।

মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের বা ডক্টরস উইদাউট বর্ডার্স একটি আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা। যুদ্ধ, মহামারী, দুর্যোগসহ বিভিন্ন সংকট পরিস্থিতিতে এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সহায়তা দিয়ে থাকে সংস্থাটি।

১৯৭১ সালের ডিসেম্বরে ফ্রান্সে একদল চিকিৎসক ও সাংবাদিক এমএসএফ প্রতিষ্ঠা করেন। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ১৯৭১ সালের ২২ ডিসেম্বর প্যারিসে প্রতিষ্ঠিত হয়।