Published : 22 Jun 2025, 05:42 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে এক শিক্ষার্থীর মায়ের কাছ থেকে দেড় লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযেগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।
ঢাকার ফকিরাপুল থেকে শনিবার জাবেদ হোসেন চৌধুরী ওরফে জাহিন (৪২) কে গ্রেপ্তার করা হয়; তিনি ফেনীর দাগনভূঞায় এলাকার বাসিন্দা।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতারণার কাজে জাহিন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কখনও বিমান বাহিনী কর্মকর্তা, কখনও সরকারি কর্মকর্তা, আবার গার্মেন্টস মালিক হিসেবেও পরিচয় দিতেন।
তিনি বলেন, “গত ২৮ মে চট্টগ্রামের এক নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচত হয় জাহিন। পরিচয়ের পর তিনি তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে এক লাখ ৬২ হাজার টাকা হাতিয়ে নেন।”
পাশাপাশি ওই নারীর কাছে থাকা পুরাতন স্বর্ণালঙ্কার পাল্টে ২২/২৪ ক্যারেটের অলঙ্কার তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়ে, ১২ ভরি অলঙ্কারও জাহিন হাতিয়ে নেন বলে জানিয়েছে ওসি করিম।
ওসি বলেছেন, অভিযোগকারী নারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কারগুলো জাহিন কাস্টম কর্মকর্তা পরিচয় দিয়ে হাজারি গলির একটি স্বর্ণের দোকানে বিক্রি করেন। সেখান থেকে আট ভরি অলঙ্কার উদ্ধার করা হয়েছে।
ওই নারী ছাড়াও জাহিন বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে অনেকের কাছ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও পুলিশের হাতে তথ্য প্রমাণ এসেছে।