১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের বহনকারী গাড়িতে চাপাতি হামলা

“আমরা গাড়ি থেকে নেমে কোনোরকমে পালিয়ে অলিগলি দিয়ে পালিয়ে প্রাণরক্ষা করি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

চট্টগ্রামের আগ্রাবাদে দুই কাস্টমস কর্মকর্তাকে বহনকারী প্রাইভেট কারে চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ হামলা হয় বলে কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য। দুর্বৃত্তরা এসময় প্রাইভেট কারের গ্লাসও ভাংচুর করে।

গাড়িত থাকা দুজন হলেন—চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা (আরও) মো. আসাদুজ্জামান খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।

আসাদুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুইজন প্রাইভেট কারে করে বাসা থেকে অফিসে যাচ্ছিলাম। সিডিএ আবাসিক এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে মোটর সাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে গাড়ি আটকে কোনো কারণ ছাড়াই চাপাতি দিয়ে জানালার কাঁচ ভাংচুর করে। 

‘‘এসময় তারা ‘গুলি কর, গুলি কর’ বলে হুমকি দিয়ে জানালার কাঁচ ভাংচুর করে। এসময় আমরা গাড়ি থেকে নেমে কোনোরকমে পালিয়ে অলিগলি দিয়ে পালিয়ে প্রাণরক্ষা করি।”

হামলাকারীদের কাউকে চিনতে পারেননি দাবি করে আসাদুজ্জামান বলেন, “আমরা এআইআর শাখায় কাজ করি। সেখানে বিভিন্ন বিষয়ে আমরা মামলাও করে থাকি। যারা অনৈতিকভাবে সুবিধা করত পারেনি তারা হয়তা এ কাজ করে থাকতে পারে। 

“এছাড়া কিছুদিন আগ আমাকে মোবাইল ফোনে হুমকিও দেওয়া হয়েছিল। এ ঘটনায় আমি বন্দর থানায় একটি জিডিও করেছিলাম।” 

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বাইকে করে এসে দুই ব্যক্তি প্রাইভেট কার থামায়। এসময় কারের যাত্রী আসনের বাম পাশের জানালায় লাথি দিয়ে গ্লাস ভেঙে ফেলে। 

“প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, পূর্ব বিরোধের কারণে হামলা হয়েছে। জেনেছি তারা আগে বন্দর থানায় জিডি করেছিল।”

ওসি বলেন, “তারা আমাদের এখনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।”