Published : 29 Mar 2026, 08:42 PM
চট্টগ্রামের সাগরিকায় বিডি ফুডসের মালিকানাধীন মাছ রাখার হিমাগারে আগুন লেগেছে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে।
রোববার বিকালে আগুন নির্বাপণের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের উৎস জানানো হলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ওই হিমাগারে রক্ষিত মাছ, মাছ প্রসেস করার বিভিন্ন কাঁচামাল, র্কাটনসহ বিভিন্ন উপকরণ পুড়ে গেছে।
“আগুনে কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। বিডি ফুডসের মালিকানাধীন ওই হিমাগারটিতে স্থানীয়ভাবে সংগ্রহ করা মাছ সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হত বলে জেনেছি। সেখানে বিপুল পরিমাণ হিমায়িত মাছ ছিল।”
আগ্রবাদ ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৪০ মিনিটে ওই হিমাগারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিকাল সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।