Published : 05 Aug 2025, 03:59 PM
আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটি নানা আয়োজনে পালিত হয়েছে চট্টগ্রামে।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থাও নানা আয়োজনে তাদের কর্মসূচি পালন করছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবসের সকালে বাকলিয়া এলাকায় ও গরীব উল্লাহ শাহ জামে মসজিদে জুলাই আন্দোলনে নিহত শহীদুল ইসলাম ও মোহাম্মদ আলমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানম।
সেখানে প্রশাসনের পাশাপাশি সাধারণ লোকজনও ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানান ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এরপর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে ‘জুলাই অনির্বাণ’ ও ‘দ্য আর্ট অব ডেমোক্রেসি’ নামে দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রামের রেঞ্জ ডিআিইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

এদিকে সরকার পতনের বর্ষপূতি উপলক্ষ্যে নগরীতে ‘জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ’ শোভাযাত্রার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। নগরীর বহদ্দারহাট এলাকা থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে এ শোভাযাত্রা ষোলশহর দুই গেইটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সেখানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন পাটোয়ারী বলেন, বর্তমান সরকারের কেউ কেউ আন্দোলনের অংশীদারদারদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
“এই অপপ্রয়াস শহীদদের রক্তের সাথে বেঈমানি। নতুন বাংলাদেশে এই বেঈমানদের কোনো স্থান হবে না।”
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী।