আনোয়ারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
দুজনই ছয়তলা ওই ভবনের ভবনের বাইরের অংশে পলেস্তারার কাজ করছিলেন, বলেন ওসি।
চট্টগ্রামে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে দুই শ্রমিকরে মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের গুন্দিপপাড়া এলাকার ভবনটিতে পলেস্তারার কাজ করার সময় ঘটনাটি ঘটে।
নিহত দুইজন হলেন, সিয়াম (১৯) ও আনিস (২৫)। সিয়ামের বাড়ি কুষ্টিয়ায় এবং আনিসের বাড়ি রাজশাহীতে বলে জানা গেছে। দুজনই ওই ভবনের রাজমিস্ত্রির সহকারী হিসেবে ভবনের বাইরের অংশে পলেস্তারার কাজ করছিলেন।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের বাইরের অংশে কাজ করার সময় রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, “আমরা ঘটনা তদন্ত করে দেখছি।”
