১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে লিংকন বললেন, ‘জ্ঞানের কাছে যেতে হয়’

“যত আমাদের মধ্যে যোগাযোগ বাড়বে, তত কনফিউশন কেটে যাবে।”

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে লিংকন বললেন, ‘জ্ঞানের কাছে যেতে হয়’
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে শনিবার সাক্ষাৎ করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 08:51 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শনিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান ধর্ম প্রতিমন্ত্রী।

সেখানে হেফাজত ইসলামের আমিরের সাথে কুশল বিনিময় ও আলোচনায় অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। জ্ঞানের কাছে যেতে হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা ছিল, কত দ্রুত উনার কাছ থেকে দোয়া নিয়ে যাওয়া যায়।

“ধর্মভিত্তিক যে বিষয়গুলো আছে, সেগুলোতে দিক-নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সবসময় উনি ভূমিকা রেখেছেন।”

এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “আমরা যারা রাজনীতি করি, তারা বিভিন্ন রকম পরামর্শ বা চাপ বলেন বা জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে যেসব বিষয়ে মানুষের আশঙ্কা থাকতে পারে, সেসব বিষয়ে আমাদের কাছে পরামর্শ আসা জরুরি। সেটাকে গঠনমূলক ভাবে দেখি যাতে কোনো ভুলত্রুটি আমাদের দ্বারা না হয়।

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর যদি ইসলামের কথা বলি, চারটি মাজহাবের মধ্যে উপমহাদেশে ইমাম এ আজম ইমাম আবু হানিফার মাজহাবের প্রাধান্য আছে।”

লিংকন বলেন, “স্বাভাবিকভাবে কোনো কনফিউশন থাকলে তারা তো আমাদের কাছে আসবেই; সেটাই হয়ত প্রশ্নের উদ্রেক করেছে। যত আমাদের মধ্যে যোগাযোগ বাড়বে, তত কনফিউশন কেটে যাবে।

“আমি মন্ত্রণলায়রের দায়িত্ব নিয়েছি খুব বেশিদিন নয়। সে কারণে হয়ত ওলামায়ে কেরামদের চিন্তাভাবনার প্রতিফলন আমাদের মধ্যে আছে কি না, সেটা তাদের প্রশ্ন থাকতে পারে। এটাকে দূরত্ব বলে মনে করি না। এটা ভালো। যত কাছাকাছি আসব, তাদের কথা জানতে পারব। আমাদের ভাবনা জানাতে পারব।”

এর আগে গত ৯ অগাস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমিরের সাথে দেখা করেছিলেন। সেসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরা হয়েছিল।