মীরসরাই ও রাউজানে ৩ বাইক আরোহীর মৃত্যু
তালাত ও ওমর লেখাপড়ার পাশাপাশি মীরসরাইয়ের আবু তোরাব বাজারে একটি ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।
চট্টগ্রামের মীরসরাই ও রাউজানে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
নিহত তিনজনই বাইক আরোহী। দুজনের বাড়ি মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে; আরেকজন পাহাড়তলি ইউনিয়নের বাসিন্দা।
রাউজানে নিহত দুই তরুণ হলেন— মিয়াপাড়া এলাকার তালাত মাহমুদ শুভ ও ফকিরাপাড়ার আবদুল্লাহ আল ওমর। দুজন সম্পর্কে বন্ধু।
তালাত ও ওমর লেখাপড়ার পাশাপাশি মীরসরাইয়ের আবু তোরাব বাজারে একটি ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।
মীরসরাই থানার এসআই মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বারৈয়ারহাট বাজারে মোটরসাইকেল কিনতে গিয়েছিলেন তালাত মাহমুদ। সঙ্গে ছিলেন তার বন্ধু ওমর। মোটর সাইকেল কিনে ফেরার সময় খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকায় সড়কের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন অংশে তারা দুর্ঘটনায় পড়েন।
“তখন বৃষ্টি হচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল নিয়ে তারা সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
নিহতদের পরিবার বিনা ময়নাতদন্তে হস্তান্তরের আবেদন করায় তাদের মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা এসআই মো. আলাউদ্দিন।
অন্যদিকে শুক্রবার রাতে রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে আরেক মোটর সাইকেল আরোহী ২৯ বছর বয়সি অপু দাশ মারা গেছেন।
তিনি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বাসিন্দা। রাউজানের পাহাড়তলিতে বিসিসিইউএল জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে বিপণন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন অপু দাশ।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি অফিসের কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে উনাকে শহরের একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয়।
“অন্য কোন গাড়ি অপু দাশের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। তবে সেখানে গিয়ে আমরা অন্য কোনো গাড়ি পাইনি। উনার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”
