Published : 28 Jun 2025, 05:12 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের চট্টগ্রামের এক মামলায় বই বিপণীকেন্দ্র বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে বাতিঘরের চট্টগ্রাম শাখা থেকে দীপংকরকে থানায় নিয়ে যায় কোতয়ালী থানা পুলিশের কয়েকজন সদস্য। পরে জিজ্ঞাসাবাদ শেষে বেলা ২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
কোতয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেটির বিষয়ে কথা বলার পর উনাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে দীপঙ্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় আমি বাতিঘরে ছিলাম। পুলিশ সদস্যরা এসে মামলার বিষয়ে থানায় যেতে বলেন। থানায় এ বিষয়ে কথাবার্তা বলার পর ২টার দিকে ছেড়ে দেন।”
গত বছরের ৪ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ২৩ সেপ্টেম্বর কোতয়ালী থানায় একটি মামলা করেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের এক শিক্ষার্থী। এ মামলায় ২৩৫ নম্বর আসামি দীপঙ্কর দাশ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফ্রাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মামলার বিষয়ে কথা বলার জন্য তাকে ডেকে আনা হয়েছিল। যার নাম আছে, তিনি সে লোক কি না সেটা জিজ্ঞাসা করেছি।”