১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণতান্ত্রিক প্রক্রিয়া ‘মানা হয়নি’ অভিযোগ করে এনসিপির এক নেতার পদত্যাগ

এক ব্যক্তির ‘একক’ সিদ্ধান্তে, কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ‘ছাড়া’ এই ক‌মিটি গঠন করা হয়েছে, বলেন তিনি।

গণতান্ত্রিক প্রক্রিয়া ‘মানা হয়নি’ অভিযোগ করে এনসিপির এক নেতার পদত্যাগ
আরফান উদ্দিন মাসুদ। ফেইসবুক থেকে সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

কমিটি গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া ‘মানা হয়নি’ অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতকানিয়া উপজেলার এক নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বরাবরে বৃহস্পতিবার পদত্যাগপত্র দেন দলের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক আরফান উদ্দিন মাসুদ ওরফে এ ইউ মাসুদ।

তার ফেইসবুক আইডিতে পদত্যাগপত্রটি পোস্ট করেছেন মাসুদ। সেই সঙ্গে কমিটির তালিকায় তার অবস্থান লাল কালিতে চিহ্নিত করে দিয়েছেন।

২৫ জুন কেন্দ্র থেকে ঘোষিত কমিটিতে মাসুদকে এক নম্বর যুগ্ম সমন্বয়ক পদে রাখা হয়। কিন্তু কমিটি ঘোষণার ৪৩ দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন।

তিনি লিখেছেন, “আমি জাতীয় নাগরিক পার্টি-এন‌সি‌পির সূচনালগ্ন থে‌কে সাতকানিয়া উপজেলায় সাংগঠ‌নিক কার্যক্রমে সক্রিয়ভা‌বে অংশগ্রহণ করে আসছি।

“…কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সাতকা‌নিয়া উপ‌জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়, যেখা‌নে আমা‌কে এক নম্বর যুগ্ম সমন্বয়ক প‌দে পদায়ন করা হয়।”

পদত্যাগপত্রে তিনি দাবি করেন, এক ব্যক্তির ‘একক’ সিদ্ধান্তে, কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ‘ছাড়া’ এই ক‌মিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ‘পরিপন্থি’।

সেখানে মাসুদ লিখেছেন, “আমি এই পদে থাকব—এ ব্যাপারে আমাকে পূর্বে অবগত করা হয়নি। এই প্রক্রিয়ার প্রতিবাদ স্বরূপ আমি জাতীয় নাগরিক পার্টি সাতকানিয়া উপজেলা শাখার এই ক‌মি‌টির এক নম্বর যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি।”

এর পর থেকে এনসিপির রাজ‌নৈ‌তিক কর্মকাণ্ডের সা‌থে তার কোনো সম্পর্ক থাকবে না, একথাও লিখেছেন তিনি।

এ ব্যাপারে মাসুদের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কয়েক দফা কল করা হলেও তিনি সাড়া দেননি।