ব্রাহ্মণবাড়িয়ায় ‘ডাকাতের’ হামলায় আহত চালকের পথেই মৃত্যু, সহকারী গাড়ি নিয়ে চট্টগ্রামে
আহত চালক প্রাইম মুভার তার সহকারীকে চালাতে দিয়ে আসনের পেছনে শুয়ে পড়েন, বলেন জোরারগঞ্জ থানার ওসি।
চট্টগ্রামে একটি প্রাইম মুভার থেকে চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ, যিনি ‘ডাকাতের’ হামলায় খুন হয়েছেন বলে তাদের ধারণা।
মঙ্গলবার সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পেট্রোল পাম্পে গাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫৬ বছর বয়সি এই চালকের নাম মো. জামাল উদ্দিন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইসা গ্রামের বাসিন্দা। চট্টগ্রামের মজুমদার ট্রান্সপোর্ট নামে একটি পরিবহন কোম্পানিতে চাকরি করতে তিনি।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইম মুভারটি চট্টগ্রাম থেকে তুলা নিয়ে হবিগঞ্জে গিয়েছিল। সেখান থেকে খালি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম ফিরে আসছিল। পথে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উজানিশার সেতু এলাকায় ডাকাতের কবলে পড়ে এবং চালক গুরুতর জখম হন।
“পরে প্রাইম মুভারটি চালকের সহকারী চালিয়ে জোরারগঞ্জ পর্যন্ত নিয়ে আসে এবং পথিমধ্যে চালক মারা যান।”
চালকের সহকারীর বরাতে ওসি বলেন, “রাত সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া উজানিশার সেতু এলাকায় পাঁচ থেকে ছয়জন ডাকাত প্রাইম মুভারের ডান দিকে হামলা চালায়। চালক গাড়ি না থামালে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে।
“চালক প্রাইম মুভারটি তার সহকারীকে চালাতে দেন এবং তিনি আসনের পেছনে শুয়ে পড়েন। এ অবস্থায় চালকের সহকারী প্রাইম মুভারটি চালিয়ে জোরারগঞ্জ ফারদিন পেট্রোল পাম্পের সামনে রেখে গাড়ির মালিক প্রতিষ্ঠানে ফোন করেন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি।”
ওসি হালিম বলেন, ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়। সে হিসেবে মামলাও হবে সেখানে এবং ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশ সেটি তদন্ত করবে।
প্রাইম মুভার, ট্রেইলর, ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, প্রাইম মুভারটি ডাকাতের কবলে পড়লেও চালক হাল না ছেড়ে সেটি চালাতে থাকেন। ডাকাতরা নেমে যাওয়ার পরও ১০ থেকে ১৫ মিনিট তিনি প্রাইম মুভারটি চালিয়ে চলে আসেন। পরে তার সহকারীকে সেটি চালাতে দেন।
খায়ের বলেন, “চালক প্রাইম মুভারটি তার সহকারীকে চালাতে দিয়ে কথা বলতে বলতে ফেনী পর্যন্ত এসেছিল। পরে সেখানে তার মৃত্যু হয় বলে শুনেছি।”
