Published : 06 May 2026, 09:53 PM
চট্টগ্রামে এক বছর আগে জব্দ করা পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ সদস্যদের বিপুল পরিমাণ পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
বুধবার চট্টগ্রামের মনসুরাবাদ পুলিশ লাইন্সে ৩১ হাজার ৭৭৫টি পোশাক ধ্বংস করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা বিপুল পরিমাণ আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানজনিত সমস্যা বিবেচনায় আদালতের আদেশে এসব পোশাক ধ্বংস করা হয়েছে।
গত বছরের ১৮ মে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার কয়েকটি স্থান থেকে সামরিক কায়দার বিপুল পরিমাণ পোশাক জব্দ করে পুলিশ।
বায়েজিদ বোস্তামি থানায় মামলা হওয়ার পর তদন্তকারীদের তরফে বলা হয়, র্পাবত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ এর সদস্যদের জন্য বানানো হয়েছিল এসব পোশাক।
এসব আলামত দীর্ঘদিন সংরক্ষণের ফলে অপব্যবহার ও বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
আদালত বিচারিক প্রয়োজনে ব্যবহারের জন্য ১০০টি পোশাক নমুনা হিসেবে সংরক্ষণ করে বাকি ৩১ হাজার ৭৭৫ পোশাক ধ্বংসের নির্দেশ দেয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ হাজার ৭৭৫টি পোশাক ধ্বংসের পর বাকি পোশাক আদালতের মালখানায় জমা রাখা হয়েছে।
পুরনো খবর