Published : 30 Oct 2025, 09:06 PM
চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেয়।
আগামী ১ নভেম্বর চিটাগং চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বারের বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের আদেশ প্রতিপালনে নির্বাচন স্থগিত করা হয়েছে।
চিটাগং চেম্বারে ব্যবসায়ীদের ভোটে ১২জন সাধারণ শ্রেণিতে, ৬ জন সহযোগী শ্রেণিতে, টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে ৩ জন করে মোট ২৪ জন পরিচালক নির্বাচিত হয়ে থাকে। এরাই পরবর্তীতে সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।
চিটাগং চেম্বার নির্বাচন নিয়ে গত ২২ অক্টোবর মোহাম্মদ বেলাল নামে এক পরিচালক পদপ্রার্থী টাউন ও ট্রেড গ্রুপের প্রতিনিধিদের বাদ দেওয়া নিয়ে এফবিসিসিআইর বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করার পর হাই কোর্টে রিট আবেদন করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল শুনানির পর নির্বাচন কার্যক্রম দুই সপ্তাহ স্থগিতের আদেশ দেয় আপিল বিভাগ।