চন্দনাইশে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস আটক
জব্দ করা টাকার বিষয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।
চট্টগ্রাম-১৪ আসনের আবদুল বারি হাট এলাকায় মঙ্গলবার গভীর রাতে তল্লাশির সময় সেনাবাহিনী এসব টাকা জব্দ করে বলে চন্দনাইশ থানার ওসি ইলিয়াস খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, “সেনাবাহিনীর সদস্যরা মাইক্রোবাসসহ ১০ লাখ ৪৯ হাজার টাকা আমাদের রাতের বেলা হস্তান্তর করেছে। উনারা রির্টানিং কর্মকর্তার নির্দেশে এসব হস্তান্তর করেছে।”
জব্দ করা টাকার বিষয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সাংবাদিকরা বলেছেন মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি নিজেকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর কর্মকর্তা বলে নিজের পরিচয় দেন।
এ বিষয়ে মিজানুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকাগুলো আংশিক আমার নির্বাচনি খরচ এবং বাকিগুলো তার ব্যক্তিগত টাকা। এখানে অবৈধ কিছুই নাই।”
বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের আসেন মিজানুল হক চৌধুরী। তিনি ছিলেন বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক; পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জসিম উদ্দিন আহমেদ। ছাতা প্রতীকে মিজানুলের মূল প্রতিদ্বন্দ্বী এলডিপির কর্নেল অলি আহমেদের ছেলে মো. ওমর ফারুক।
২০০৮ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন মিজানুল।
এ বিষয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
