Published : 20 Mar 2026, 11:54 AM
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা শুক্রবারই ঈদুল ফিতর পালন করছেন।
সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে বহু বছর ধরে সব ধর্মীয় আচার পালন করে আসছেন।
দরবারের অনুসারী ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক সারোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঈদের প্রধান জামাত হয়েছে দরবার শরীফের খানকাহ মাঠে।
তিনি বলেন, দরবার শরীফের সাজ্জাদানশীল হজরত ইমামুল আরেফীন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান ঈদ জামাতের ইমামতি করেন।
দরবার শরীফ থেকে বলা হয়েছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার অনেক এলাকায় তাদের অনুসারীরা এ দিন ঈদ উদযাপন করছেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া, গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা; চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, দোহাজারী, জামিরজুরি; বাঁশখালীর উপজেলার কালিপুর, চাম্বল; আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ; লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা, কলাউজান, চুনতী; সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা, সলিমপুরসহ বিভিন্ন এলাকায় দরবারের মত ঈদ পালন করা হচ্ছে।

এ ছাড়া ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর (মতলব), সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় এবং পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায়ও দরবারের অনুসারীরা ঈদ উদযাপন করছেন বলে জানানো হয়।
ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান বলেন, “নিকটবর্তী অঞ্চলসমূহে চাঁদ দেখার সময়ের ব্যবধান, ভৌগোলিক অবস্থান এবং মক্কা-মদিনাসহ আরব বিশ্বের চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপন করা হচ্ছে।
“সাতকানিয়ার মির্জা খীল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাব মতে বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে শতাধিক বছর আগে থেকে এভাবে ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত সকল ধরনের ধর্মীয় অসুশাসন পালন করেন।”