Published : 28 Feb 2026, 04:40 PM
চট্টগ্রামের চন্দনাইশে ‘গরু চোরের’ গুলিতে গৃহকর্তা খুনের ঘটনায় কক্সবাজার থেকে একজনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারের চকরিয়া উপজেলার কদ্দাছড়া এলাকা থেকে শনিবার মো. নাছির (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
চন্দনাইশ থানার ওসি ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতীতে বিভিন্ন এলাকায় ‘গরু লুট করা ও লুট করা গরু কেনার’ অভিযোগ আছে নাছিরের বিরুদ্ধে।
“চন্দনাইশের ঘটনায় তার সম্পৃক্ততা আছে কী না ও গরু লুটকারীদের তিনি চেনেন কী না সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে আটক করা হয়েছে।”
ওসি বলেন,নাছির এলাকায় 'ডাকাত নাছির' নামেও পরিচিত। পুলিশের তালিকাভুক্ত চকরিয়া এলাকার নবী হোসেন ওরফে নইব্যা ডাকাতের ফুফাত ভাই হলেন আটক নাছির। পাশাপাশি নবী হোসেনের অন্যতম সহযোগীও সে।
“তার কাছে কয়েকটি গরুর খামার আছে। বিভিন্ন সময়ে লুট ও চুরি করা গরু কিনে সেখানে লালন পালন করেন নাছির।”
গত বৃহস্পতিবার ভোরে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়ায় 'গরু চোরের' গুলিতে ৭০ বছর বয়সী চন্দন দে নিহত হয়।
হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, ভোর পৌনে ৫টার দিকে একটি হায়েস মাইক্রোবাস নিয়ে চোরের দল চন্দনের বাড়িতে হানা দেয়। তার গোয়াল ঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি গরু মাইক্রোবাসে তোলার পর সেগুলো ডাকাডাকি করায় চন্দন ঘর থেকে বের হন।
“এসময় চোরদের ছোড়া গুলিতে চন্দন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি ইলিয়াস বলেন, চোরের দল চন্দনের গোয়ালঘর থেকে দুটি গরু নেওয়ার চেষ্টা করেছিল। টের পেয়ে যাওয়ায় বড় গরুটি ফেলে রেখে ছোটটি নিয়ে যায়। তার পাশের ঘর থেকেও দুটি গরু নিয়ে যায় চোরের দল।